অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার, খোলাহাটী ইউনিয়নে ফের চেয়ারম্যান পদে মাসুম হক্কানীর প্রস্তুতি।
গাইবান্ধা থেকে মোঃ শুভ ইসলামের প্রতিবেদন।
গাইবান্ধা সদর উপজেলার ৯ নং খোলাহাটী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানী আবারও চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
২০২১ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাঁর মেয়াদে ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট, সড়ক সংস্কারসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি তাঁর।
চেয়ারম্যানের দাবি, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা নিশ্চিত করা হয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে নাগরিক সেবা সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে।
এছাড়া মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
তবে ইউনিয়নের বেশ কিছু সড়ক এখনও সংস্কারের প্রয়োজন রয়েছে। এসব সড়ক সংস্কার ও পাকা করার পাশাপাশি প্রয়োজনীয় স্থানে সেতু-কালভার্ট নির্মাণকে আগামী দিনের অগ্রাধিকার হিসেবে দেখছেন চেয়ারম্যান।
আসন্ন নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে মাসুম হক্কানীর বক্তব্য-গত মেয়াদে শুরু হওয়া উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রেখে অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান তিনি।
এখন তাঁর এই বার্তা কতটা গ্রহণ করছেন খোলাহাটী ইউনিয়নের ভোটাররা-সেটিই দেখার বিষয়।