আশুলিয়ার জামগড়ায় একই কক্ষে নারী-পুরুষ ও নবজাতকসহ তিনজন নিহত।
সাভার আশুলিয়া প্রতিনিধি মোঃশওকত হোসেন। রিপোর্টার বাংলা টিভি
ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে দেড়টার দিকে হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। সেখানে স্বামী-স্ত্রী নতুন করে ভাড়া নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে। শুক্রবার কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষটি খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলের বাড়ির মালিক হাজী হজরত আলীর কাছে জানতে চাইলে তিনি এই হত্যাকাণ্ডের বিষয়ে এড়িয়ে যান, ভাড়াটিয়া ফরম ও নিহত ভিকটিমদের পরিচয়পত্রসহ কোনো কাগজপত্র না নেয়ার কথা শিকার করেন তিনি।
এ বিষয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের তদন্তকারী কর্মকর্তা (এসআই) তালেব জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণসহ ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।