কচুরিপানা থেকে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার।
সিংগাইর প্রতিনিধি আনোয়ার হোসেনঃ
মানিকগঞ্জের সিংগাইরে জলাশয়ের কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর পশ্চিমপাড়ার মুন্সিবাড়ি সংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ২টার দিকে দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে শহর মুন্সির বাড়ির পেছনের কচুরিপানায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি পচে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদ্ঘাটনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।