মন্ত্রীর কাছে পঞ্চবটি ফ্লাইওভার চাষাঢ়া মোড় পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব এসপি হাবিবুর রহমানের
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক যান চলাচলের জন্য চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) তিনি ফতুল্লার পঞ্চবটি মোড়ে ফ্লাইওভারের নির্মাণ কাজ এবং “পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ” প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণ কাজের খুঁটিনাটি ত্রুটি ধরিয়ে দিয়ে সুচারুভাবে কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
পরিদর্শনকালে পঞ্চবটিতে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে রিসিভ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ও নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান মন্ত্রীর কাছে মৌখিকভাবে প্রস্তাব করেন, পঞ্চবটির ফ্লাইওভারটি চাষাঢ়া মোড় পর্যন্ত সম্প্রসারিত করলে নারায়ণগঞ্জবাসীর যানজট নিরসনে অনেক উপকার হবে।
তিনি বলেন, পঞ্চবটি বিসিক নারায়ণগঞ্জের অন্যতম শিল্প এলাকা। এখানে শত শত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মালবাহী গাড়ি চলাচল করে। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই পঞ্চবটি ফ্লাইওভারটি চাষাঢ়া পর্যন্ত সম্প্রসারণ করা হলে যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই চলমান প্রকল্প বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলে যানজট অনেকাংশে কমবে এবং যোগাযোগ ব্যবস্থায় আসবে নতুন গতি। শিল্পাঞ্চলের পণ্য পরিবহন সহজ হবে এবং সাধারণ মানুষের যাতায়াতেও স্বস্তি ফিরবে।