আশুলিয়ার তেঁতুলতলা বেড়নপাড়ায় নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত
সাভার প্রতিনিধি: মোঃ শওকত হোসেন
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এয়ারপুর ইউনিয়নের তেঁতুলতলা বেড়নপাড়া এলাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশ, এলাকার উন্নয়ন এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ দেলোয়ার হোসেন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মেম্বার পদপ্রার্থী আবুল কাশেমসহ এলাকার অন্যান্য মেম্বার পদপ্রার্থীরা।
সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি।
তবে এলাকায় বিভিন্ন ধরনের বিরোধ ও উত্তেজনার বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। এ পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
পরিশেষে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ ।