মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা, কারখানার নিরাপত্তায় কঠোর অবস্থানে প্রশাসন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা, কারখানার নিরাপত্তায় কঠোর অবস্থানে প্রশাসন।

সাভার প্রতিনিধি: মোঃ শওকত হোসেন
ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টি হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে প্রবেশ করলেও সকাল ১০টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে কয়েকটি স্থানে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।
কারখানা মালিকদের অভিযোগ, সাধারণ শ্রমিকদের আন্দোলনের সঙ্গে বহিরাগত কিছু লোকজন মিশে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমনকি বেতন বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে কিছু শ্রমিক নেতার সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশের ডিআইজি শামীমা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিক নেতা হোক কিংবা যেকোনো রাজনৈতিক দলের নেতা—শিল্পপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টি, ভাঙচুর ও সহিংসতার সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে।
তিনি আরও জানান, আগামীকাল থেকে সাভার-আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে গার্মেন্টস মালিকদের উদ্দেশে ডিআইজি শামীমা বলেন, আপনারা নিরাপদে কারখানা চালু রাখুন। প্রশাসন আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পাশে থাকবে। স্বাভাবিকভাবে কারখানার কার্যক্রম ও শ্রমিকদের ডিউটি পুনরায় চালু রাখার আহ্বান জানান তিনি।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, শ্রমিকদের ন্যায্য দাবি এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমন্বয় জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..