দোল্লাই নবাবপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস দোল্লাই নবাবপুর’ র্যালি ও স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
বায়েজিদ হোসাইন
চান্দিনার দোল্লাই নবাবপুরে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘ক্যাশলেস দোল্লাই নবাবপুর’ শীর্ষক র্যালি ও স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পূবালী ব্যাংক দোল্লাই নবাবপুর শাখা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, কুমিল্লার অঞ্চল প্রধান ও ডিজিএম জনাব মাইনুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেনের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। ব্যাংকে শিক্ষার্থীদের নামে স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খুলে নিয়মিত টাকা জমা রাখলে ভবিষ্যতের জন্য একটি আর্থিক ভিত্তি তৈরি হবে। পাশাপাশি অর্থের সঠিক ব্যবহার, সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান খান। তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনে সঞ্চয়ের গুরুত্ব অপরিসীম। অল্প অল্প করে সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে বড় আর্থিক সহায়তা তৈরি করা সম্ভব। শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ী হওয়ার পাশাপাশি প্রযুক্তিনির্ভর ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খোরশেদ আলম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান বিএসসি এবং বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল নোমান।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সংকর চন্দ্র দাস এবং পূবালী ব্যাংক পিএলসি, দোল্লাই নবাবপুর শাখার শাখা ব্যবস্থাপক জনাব আব্দুল্লাহ শাহেদ মিয়াজী।
স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনে বক্তারা বলেন, সঞ্চয় একটি মহৎ কাজ। আজকের সঞ্চয় আগামী দিনের নিরাপত্তা। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ব্যাংকে টাকা জমা রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ভবিষ্যতে উচ্চশিক্ষা, ব্যক্তিগত প্রয়োজন ও জরুরি পরিস্থিতিতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেনে আগ্রহী করে তুলতেই এ ধরনের ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষ এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।