আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে হারুনের মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রী রত্না গ্রেফতার
সাভার প্রতিনিধি: মোঃ শওকত হোসেন
রিপোর্টার বাংলা টিভি।
ঢাকার আশুলিয়ায় শিমুলিয়া ইউনিয়নের মরিচকাটা এলাকায় তালাবদ্ধ কক্ষ থেকে মোঃ হারুনের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তার স্ত্রী মোসাঃ রত্না (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা।
পিবিআই সূত্রে জানা যায়, মোঃ হারুন হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় তার স্ত্রী মোসাঃ রত্নার সম্পৃক্ততার অভিযোগ সামনে আসে। পরে পিবিআই ঢাকা জেলার একটি দল অভিযান পরিচালনা করে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। একটি তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে হারুনের মরদেহ উদ্ধারের ঘটনায় শুরু থেকেই রহস্যের সৃষ্টি হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে।
তদন্তসংশ্লিষ্টদের মতে, গ্রেফতার হওয়া রত্নাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং হত্যার পেছনের পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্তের অগ্রগতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করছেন এলাকাবাসী।
এদিকে গ্রেফতার হওয়া রত্নার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।