নারায়ণগঞ্জ আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, বোস কেবিনে খেলেন চা
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
শতবর্ষের ঐতিহ্য ধারণ করা নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার দুপুরে পূজামণ্ডপে গিয়ে শারদীয় দুর্গোৎসবের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও সম্প্রীতির আবহে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।
এর আগে তিনি নারায়ণগঞ্জ শহরের আরেক ঐতিহ্য বোস কেবিনে যান। কাঠের বেঞ্চে বসে ঐতিহ্যবাহী দুধ চায়ের স্বাদ নেন এবং দোকানটির শত বছরের ইতিহাস সম্পর্কে খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে রাষ্ট্রদূত বলেন, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা করছিলাম। আমি এমন একটি জায়গায় যেতে চেয়েছি, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি। আমলাপাড়ার এই আয়োজন আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এখানকার আতিথেয়তা অসাধারণ।
রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়। প্রদর্শন করা হয় আমলাপাড়া পূজার শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা সহ কমিটির নেতৃবৃন্দ।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস ও ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।
নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। সেখানে তিনি কারুপল্লির জামদানি পল্লী ঘুরে দেখেন, তাঁতিদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কে ধারণা নেন।রাষ্ট্রদূত রূপগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
মার্কিন রাষ্ট্রদূতের নারায়ণগঞ্জ আগমন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ, ডিবি, ট্রাফিক বিভাগ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। আমলাপাড়া পূজামণ্ডপ, বোস কেবিন, পানাম নগরী ও লোকশিল্প ফাউন্ডেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন,মার্কিন রাষ্ট্রদূতের মতো একজন গুরুত্বপূর্ণ অতিথির সফর নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছি। যাতে উৎসবের আনন্দ ও নিরাপত্তা দুটোই বজায় থাকে, সেটি নিশ্চিত করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, শারদীয় দুর্গোৎসবের মতো সর্বজনীন উৎসবে মার্কিন রাষ্ট্রদূতের এই সফর বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে।