আশুলিয়ার জামগড়ায় এক পোশাক শ্রমিক স্ত্রীকে স্বামী কর্তৃক হত্যার অভিযোগ
হেলাল শেখ ঢাকা জেলা রিপোর্টারঃ
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় বিথি আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মজনুর (৩০) এর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার রূপায়ণ আবাসন-১ নং গেটের পাশে মো. শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বিথি ওই বাড়ির ম্যানেজার বাদশার মেয়ে। তিনি এক কন্যাসন্তানের জননী ছিলেন।
নিহতের বাবা মো. বাদশা অভিযোগ করে বলেন, তার মেয়ে বিথিকে স্বামী মজনু গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে। পরে বিথির মরদেহ ঘরের খাটের ওপর বিছানায় পড়ে থাকতে দেখা যায়।
নিহতের পরিবারের দাবি, মাদক সেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে বিথি ও মজনুর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এরই জেরে বুধবার দিবাগত রাতে কোনো এক সময় মজনু বিথিকে হত্যা করে পালিয়ে যেতে পারেন বলে পরিবারের ধারণা। এদিকে নিহতের শিশু কন্যাও তার মাকে গলা টিপে হত্যার কথা জানিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।