পাইকগাছা-কয়রার নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক!
বি.সরকার। স্টাফরিপোর্টার ।।
খুলনার পাইকগাছা-কয়রার বিএনপির নেতাকর্মীদের অভ্যর্থনা ও আন্তরিক ভালোবাসায় সিক্ত হয়েছেন খুলনা-৬ ও খুলনা-২ আসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক। ৩ আগস্ট সোমবার বিকেলে দায়িত্ব পাওয়ার পর তিনি প্রথমবারের মতো সংশ্লিষ্ট এলাকায় সফর করলেন।
এ সফর উপলক্ষে পাইকগাছাস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে পাইকগাছা উপজেলা, পৌরসভা ও কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার শুরুতেই শত শত নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হককে বরণ করে নেয়া হয়। নেতাকর্মীদের আন্তরিক ভালবাসায় তিনি অভিভূত হন।
পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপি নেতা এসএম শামীম কবির, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপি নেতা এম এ হাসান, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি।
এছাড়া বক্তব্য রাখেন পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এড. জি এম আব্দুস সাত্তার এবং পাইকগাছা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। সভায় দলকে আরও সুসংগঠিত করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।