ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে আরও ৯ ছিনতাইকারী গ্রেফতার
ময়মনসিংহ জেলা থেকে মোঃ মাসুদ আলম ভুঁইয়া,
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হক এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম।
অভিযানে নগরীর পাটগুদাম ব্রিজ, কালীবাড়ী রোড, রেলওয়ে স্টেশন মোড়, গাঙ্গীনাপাড়, আলীয়া মাদ্রাসা মোড় এবং হাজী কাশেম আলী কলেজ মাঠ এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মাসুদ হোসেন (২১), মো. রমজান (২০), অর্নব (২৩), শিমুল (১৯), বাদশা মিয়া (১৯), তুহিন (২৮), হৃদয় (১৯), মো. আপন (২০) এবং রানা মিয়া (৩২)। তাদের সকলের বাড়ি কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থানে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশের তথ্যমতে, সাম্প্রতিক কয়েক দিনের ধারাবাহিক বিশেষ অভিযানে এ পর্যন্ত মোট ৪৯ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, ডিবি ও থানা পুলিশের সমন্বিত অভিযানের ফলে নগরীতে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।