ফেক আইডিতে মানহানির অভিযোগ: সাদাত জুট ইন্ডাস্ট্রিজ শ্রমিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা ফেসবুকের ফেক আইডি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও তৈরি ও মানহানির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা দাবি করেন, সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং ক্রীড়া সম্পাদক সোহেল রানা শুভর বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তারা অভিযোগ করেন, ফেসবুকের ভুয়া আইডি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান ও সুনাম ক্ষুণ্ন করছে।
বক্তারা বলেন, মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ব্যক্তি ও শ্রমিক সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে শ্রমিকরা ন্যায়বিচার নিশ্চিত এবং সাইবার অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
প্রচারেঃ সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সকল শ্রমিকবৃন্দ।