৫৭তম বিশ্ব মান দিবস পালিত: ‘জ্বালানি উৎপাদনই যথেষ্ট নয়, সর্বোত্তম ব্যবহারও জাতীয় দায়িত্ব’ : ডিসি রায়হান কবির
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব – সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো ৫৭তম বিশ্ব মান দিবস।
বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু জাফর।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, জ্বালানি উৎপাদন করাই যথেষ্ট নয়, জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জাতীয় দায়িত্ব। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, পণ্য ও সেবার মান নিশ্চিত না হলে ভোক্তা অধিকার রক্ষা করা যায় না। বাজারে নিম্নমানের ও ভেজাল পণ্য রোধে বিএসটিআইসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করতে হবে। মানসম্মত পণ্য উৎপাদনে ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে।
জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক মান অনুসরণ করেই আমরা এসডিজি-৭ অর্জনের পথে এগিয়ে যেতে পারি। সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং অপচয় রোধ করা এখন সময়ের দাবি। অভিন্ন লক্ষ্যে সবাই একসাথে কাজ করলেই উন্নত বিশ্ব গড়া সম্ভব।
সভায় বক্তারা জানান, এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ নম্বর লক্ষ্য – ‘সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’কে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশ্বের প্রধান তিনটি মান সংস্থা আইএসও, আইইসি ও আইটিইউ যৌথভাবে এই প্রতিপাদ্য নির্ধারণ করেছে।
সভায় আরও জানানো হয়, জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই ইতোমধ্যে ৪ হাজার ৬৩১টি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস (বিডিএস) প্রণয়ন করেছে। এর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ৭৯টি মান প্রণয়ন করা হয়েছে। পণ্যের মান যাচাইয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে জার্মান প্রযুক্তির অত্যাধুনিক সান সিমুলেটরযুক্ত সোলার প্যানেল টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।এ সময় সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।