আশুলিয়ায় শিল্প কারখানার মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
আশুলিয়া প্রতিনিধি: মোঃ শওকত হোসেন
ঢাকার আশুলিয়ায় বিভিন্ন শিল্প কারখানার বৈদ্যুতিক মিটার চুরি ও চাঁদা দাবির অভিযোগে একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১।
গ্রেপ্তারকৃতরা হলেন—সবুজ মিয়া ওরফে ‘মিটার সবুজ’ ও মারুফ মোল্লা। শনিবার (৩ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া। এর আগে শনিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের বিভিন্ন শিল্প কারখানার বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। মিটার চুরির পর ঘটনাস্থলে একটি মোবাইল নম্বর রেখে যেত তারা। পরে ওই নম্বরে যোগাযোগ করলে মিটার ফেরত দেওয়ার কথা বলে কারখানা কর্তৃপক্ষের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো। দাবি করা টাকা না দিলে চুরি করা মিটার অন্যত্র বিক্রি করে দেওয়া হতো বলে পুলিশ জানিয়েছে।
উন্নত তথ্যপ্রযুক্তির মাধ্যমে চক্রটিকে শনাক্ত করে অভিযান চালিয়ে সবুজ ও মারুফকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, সবুজ মিয়ার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন জেলায় ১০টি মামলা এবং মারুফ মোল্লার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মিটার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।