কাঁচাপাট রপ্তানির শর্ত প্রত্যাহারের দাবি, ক্ষোভে ব্যবসায়ী ও শ্রমিকরা।
বরুণ কান্তি মন্ডল
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
২৪ মে ২০২৬ ইং রবিবার।
কাঁচাপাট রপ্তানির শর্ত প্রত্যাহারের দাবি।
বাণিজ্য মন্ত্রণালয়ের ২০২৫ইং সালের ৮ই সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে কাঁচাপাট রপ্তানিতে শর্ত আরোপের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সাবেক বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সময় জারি হওয়া এই সিদ্ধান্তের ফলে কাঁচাপাট রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে বিজেএ নেতারা বলেন, দেশে চাহিদার অতিরিক্ত কাঁচাপাট উদ্বৃত্ত থাকা সত্ত্বেও রপ্তানি বন্ধ থাকায় কৃষক, ব্যবসায়ী ও শ্রমিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তাদের দাবি, প্রতিবছর ৮ থেকে ১০ লাখ বেল কাঁচাপাট রপ্তানির মাধ্যমে প্রায় ১৫০০ থেকে ২০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হতো।
তারা আরও বলেন, খুলনা, নারায়ণগঞ্জ, ফরিদপুর উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৪০টি জুট প্রেস হাউস দীর্ঘদিন বন্ধ থাকায় লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এছাড়া বাজার নিয়ন্ত্রণের অভিযোগ তুলে তারা কয়েকটি জুট মিলের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন।
বিজেএ নেতারা জানান, তারা বস্ত্র, পাট ও বাণিজ্য উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে একাধিকবার দেখা করলেও এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ বিষয়ে তারা খুলনার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপি দিয়েছেন।
এসময় জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে বলেও জানান তারা।
দ্রুত কাঁচাপাট রপ্তানির শর্ত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা।