ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ময়মনসিংহ জেলা থেকে মোঃ মাসুদ আলম ভুঁইয়া,
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল ভারতীয় মদ, একটি প্রাইভেটকারসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসির নির্দেশনায় ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নগরকুল এলাকার মো. আনোয়ার হোসেন (২২), গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার মো. কামাল (৩০) এবং তেলীহাটি এলাকার মো. নাজমুল হাসান (২৬)।
অভিযানে তাদের কাছ থেকে ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা এবং জব্দকৃত গাড়িটির মূল্য প্রায় ১২ লাখ টাকা। উদ্ধারকৃত আলামতের মোট আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশের এ অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।