শ্রীমঙ্গলে ঈদ উপহার পেলো ১৫২ পরিবার
উপশিরোনাম: নিঃস্বার্থে মানব সেবার উদ্যোগে চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে পুনর্বাসন সামগ্রী প্রদান
রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রীমঙ্গলে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিঃস্বার্থে মানব সেবা’। সোমবার (১৬ মার্চ) দুপুরে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনটির পক্ষ থেকে ১৫২টি অসহায় পরিবারের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার। এ সময় সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ নিজাম খাঁন, সদস্য ডাঃ মোঃ মামুনুর রশিদ, মোঃ সালেহ আহমদ চৌধুরী এবং কাতার প্রবাসী সদস্য জালাল আহমেদ উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।
উপহারের তালিকায় ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, সেমাই ও চিনি—যা সংগঠনের সদস্যদের ব্যক্তিগত তহবিল ও প্রবাসীদের সহায়তায় সংগ্রহ করা হয়।
সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ নিজাম খাঁন বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখেও ঈদের হাসি ফুটুক। আমাদের সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছেন, যা সত্যিই প্রশংসনীয়।”
উপহার পেয়ে স্থানীয় বাসিন্দারা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দাতা সদস্যদার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। সংগঠনটির এমন নিঃস্বার্থ উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।