পটুয়াখালীর গলাচিপায় জমি দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনের পর এলাকায় শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
প্রতিবেদনে প্রতিমন্ত্রীর ভগ্নিপতির প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ ওঠার প্রেক্ষিতে এবার সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত কাইয়ুম মৃধা।
সংবাদ সম্মেলনে কাইয়ুম মৃধা প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। একইসঙ্গে তিনি এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি দাবি করেন, প্রায় তিন বছর আগে বায়না সূত্রে তিনি ওই জমি ক্রয় করেন। এরপর ধাপে ধাপে জমির উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা পুকুর ও আশপাশের জায়গা পরিষ্কার করে পশ্চিম পাশের প্রায় ৬ শতাংশ জমিতে পাইলিং, ভরাট এবং বাউন্ডারি নির্মাণ করা হয়েছে।
কাইয়ুম মৃধা আরও বলেন, প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে বর্তমানে জমিটি তার বৈধ দখলেই রয়েছে। জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার বৈঠক করা হলেও কোনো সমাধান হয়নি বলেও জানান তিনি।
তিনি প্রশ্ন তোলেন, আগে থেকেই দখলে থাকা জমিতে কীভাবে প্রভাব খাটিয়ে দখলের অভিযোগ আনা হয়। তার দাবি, এ ধরনের অভিযোগ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রকাশিত সংবাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি তারা পারিবারিকভাবে আলোচনা করেছেন। খুব শিগগিরই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।